বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে কারাবিধি লংঘনের অভিযোগ তোলা হয়েছে। একজন কয়েদি হিসেবে তিনি জেল খাটছেন। অথচ যে সুযোগ সুবিধা তিনি জেলে বসে নিচ্ছেন তা ধনকুবেরের বিলাসী জীবনাযাপনকেও হার মানায়। ঝাড়খন্ড পুলিশের বিশেষ শাখা অভিযোগ করেছে, লালুকে নিয়ে জেলের মধ্যে কোনো অঘটন ঘটতে পারে। কিংবা নিরাপত্তা জনিত দুর্ঘটনাও ঘটতে পারে। কারণ লালু জেলে দিন কাটালেও তার দলের কর্মী সমর্থক কিংবা বিভিন্ন স্তরের নেতারা দলে দলে এসে তার সঙ্গে বৈঠক করছেন।
জানা গেছে, কারাগারে লালুকে এত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে যা তিনি নিজ বাড়িতেই পেতেন কিনা সন্দেহ। তাকে বিলাসবহুল একটি রুম তৈরী করে দেয়া হয়েছে। এসি ছাড়া তাতে সব ধরনের সুযোগ সুবিধা যোগ করা হয়েছে। রুমে টিভি, রেডিও, মোবাইল ফোন, সংবাদ পত্র সব সুবিধাই নিচ্ছেন তিনি। প্রতিদিন কয়েক ডজন লোকের সঙ্গে সাক্ষাত্ করলেও ভারতের কারাবিধিতে প্রতি ১৫ দিনে কেবলমাত্র একবার স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ আছে। যেসব খাদ্য ও চিকিত্সা সেবা পাচ্ছেন তাও কারাগারে কোনো বন্দি পায় না। এসব বন্ধ করার জন্য জেল কর্তৃপক্ষের কাছে পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, লালু প্রসাদ পশুখাদ্য দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদন্ড ভোগ করছেন।
