কৈ মাছের প্রাণ বাগধারার অর্থ যে সহজে মরে না। কথিত আছে - কৈ মাছের প্রাণ সবচে বেশি সময় ধকল সহ্য করে বেঁচে থাকতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের ছয় মাস বয়সী একটি পোষা বিড়াল চলন্ত ওয়াশিংট মেশিনের মধ্যে ৪০ মিনিট ঘোরার পরেও প্রাণে বেঁচে কৈ মাছের প্রজাতিকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে!
বিড়ালটির মনিব জানান, ওয়াশিং মেশিনের প্রতি বিড়ালটির দুর্বার আকর্ষণ ছিল। যখন কাপড়চোপড় ঢুকিয়ে মেশিন চালিয়ে দেয়া হতো তখন সে উঁকি মেরে দেখার চেষ্টার করতো ভেতরে কি ঘটছে। কিন্তু বাইরে থেকে এভাবে দেখে বোধহয় তার পোষাচ্ছিল না! তাই একদিন সে লাফ দিয়ে ঢুকে পড়ল ভিতরে। ডিটারজেন্ট, পানি, কাপড়চোপড়ের সঙ্গে বিড়ালটিও ৪০ মিনিট ধরে ঘুরল। অন্যদিকে মনিব বিভিন্ন স্থানে তাকে খুঁজে বেড়ালো। পরে মেশিন বন্ধ করে কাপড় বের করার সময় দেখা গেল বিড়ালটিও ধোলাই হয়ে বেরিয়ে এসেছে! তবে শরীরটা ধোলাই হলেও প্রাণটা বেরিয়ে যায়নি! -ইউপিআই
