বিমানে চড়ার সময় ক্ষুধা লাগতেই পারে। তাই বোধহয় খাবার তৈরী করে এনেছিলেন তিনি। রাশিয়ার মস্কো এয়ারপোর্টে বিমান যখন অবতরণ করলো তখন কাস্টমস কর্মকর্তারা চিকেন ফ্রাইয়ের গন্ধ পেলেন। গন্ধে কর্মকর্তাদের জিবে পানি এসে গেল। কিন্ত কি মনে করে তারা দেখতে চাইলেন ফ্রাইড চিকেনের ভেতরে কি আছে। যা দেখলেন তাতে তো তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। মাংশের ভেতর মসলার পরিবর্তে পাওয়া গেল ঠেসে ঠেসে ঢোকানো সোনার গহনা! এরপর কর্মকর্তারা আরেকটু খুঁজে পেলেন বেগুনের রোল, ডিম সেদ্ধ, জ্যাম, জেলি, ক্রিম ইত্যাদি। কিন্তু সেগুলো নামে মাত্র। সবগুলোর ভেতর কায়দা করে ঢোকানো ছিল সোনার গহনা।
এই কান্ড ঘটিয়েছেন এক রুশ তরুণী। তিনি নিউ ইয়র্ক থেকে ৩০ হাজার ডলার মূল্যের (প্রায় ২৩ লাখ বাংলাদেশি টাকা) গহনা কিনে সেগুলো অবৈধ উপায়ে দেশে আনার জন্য ওই বুদ্ধি করেছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।গহনাগুলো খোয়াতে হলো। পুলিশের হাতে গ্রেফতারও হতে হলো। -আরআইএ
