নিষেধাজ্ঞায় আলোচনার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে :মেনন

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৬
মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পুলিশ রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ায় আলোচনার পরিবেশ ‘ক্ষুণ্ন’ হয়েছে। এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে গণতন্ত্রের চর্চা ব্যাহত হবে। গতকাল রবিবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রূপরেখা সম্পর্কে যে প্রস্তাব দিয়েছেন, তা সমঝোতার পথকেই প্রশস্ত করবে। এই প্রস্তাবের সূত্র ধরে সমাধানের পথ বের হতে পারে। ওই প্রস্তাবে যা কিছু অস্পষ্টতা আছে, তা স্পষ্ট করার লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সংলাপ চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন - সেটা দুই দল বসে আলোচনার মাধ্যমে ঠিক করতে পারে। তিনি বলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে জামায়াতের কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করলে ওয়ার্কার্স পার্টি সেটা কখনোই মেনে নেবে না। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নূরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, হাজেরা সুলতানা, কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।