জেলায় রাশেদ ওরফে চাকু রাশেদ (৩৮) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্যরাতে বগুড়া সদরের অদ্দিরগোলা বাজারের কাছে ভাঙ্গাব্রিজ নামের এলাকায় হত্যার পর তার লাশ ফেলে রেখে যায়। গতকাল রবিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাশেদ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চানপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। বগুড়া সদরের নারুলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জানান, নিহত রাশেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বেশ কিছু মামলা বিচারাধীন। চলতি মাসের শুরুতে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে বালুর ব্যবসায় শুরু করেন। পুলিশ ধারণা করছে, এই ব্যবসায়ের নিয়ন্ত্রণ নিয়ে তার সাথে অন্য ব্যবসায়ীদের বিরোধ থাকতে পারে। তাছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেও অনেকেই তার ওপরে ক্ষিপ্ত ছিল।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গত শনিবার রাতে ফোনে রাশেদকে কৌশলে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে ভাঙা ব্রিজের কাছে তার লাশ দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।
