শেরপুর ও সোনারগাঁওয়ে টর্নেডো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৯
বগুড়ার শেরপুরে টর্নেডোর আঘাতে শেরপর পৌর শহর ও পাশের চার ইউনিয়নে গাছপালা ঘর-বাড়ি এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোতে ১৫/২০ জন আহত হয়েছে। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল রবিবার বেলা পৌনে একটার দিকে উত্তর-পশ্চিম কোণ থেকে টর্নেডো আঘাত হানে। শেরপুর শহর এবং এর আশপাশের এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সারোয়ার জাহান জানান, টর্নেডোর আঘাতে উপজেলা পরিষদ, থানা চত্বর ও স্থানীয় বন বিভাগের বহু গাছপালা পড়ে গেছে। কাঁচা-পাকা বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার কুসুম্বি, গাড়িদহ, খানপুর, শাহবন্দেগী ইউনিয়নের উঠতি রোপা আমন এবং শীতকালীন সবজি-ফসলের ক্ষতি হয়েছে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা মাত্র দুই মিনিটের টর্নেডোতে সোনারগাঁওয়ের ২০ গ্রামের গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে টর্নেডো আঘাত হানে। তবে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। সোনারগাঁও পৌরসভার টিপরদী, তাঁজপুর, লাহাপাড়া, দীঘিরপাড়, কৃষ্ণপুরা, উদ্ববগঞ্জ, গোয়ালদী, চৌদানা, দত্তপাড়া ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনসহ বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার গ্রামসহ ২০ গ্রামের প্রায় ৫ শতাধিক গাছপালা উপড়ে গেছে। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন ছিল।