চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল গত পাঁচ বছরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরতে গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার উন্নয়ন চিত্র সম্বলিত প্রকাশিত বই ‘গণতন্ত্র উন্নয়নের পথ রেখা’ শীর্ষক মুক্ত আলোচনায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মহাজোটের এই নেতা বলেন, সমাবেশ করতে কোন বাধা নেই। কিন্তু সমাবেশের নামে যদি গাড়িতে আগুন দেয়া হয়, দোকান ভাংচুর করা হয় তাহলে আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, আমরা মহাজোটের এমপিরা বেগম খালেদা জিয়ার জন্য আইন পাল্টাতে পারবো না। পারলে উনি নির্বাচন করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসুক, তারপর আবার আইন পাল্টে তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনলে আমাদের আপত্তি নেই। আমার নির্বাচনী এলাকায় গত পাঁচ বছরে কোন সামপ্রদায়িক ঘটনা ঘটেনি।
