পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ মংলা যুবলীগ নেতা মনির হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। কোরবানির ঈদের আগের রাতে মংলার গার্লস স্কুল এলাকায় দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে মংলা পৌর সভার ৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন খুন হন।
নিহত যুবলীগ নেতা মনির ৬ নং ওয়ার্ডের রাতারাতি কলোনী এলাকার মৃত সোহরাব মীরের ছেলে। সোহরাব মীর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের বড়ভাই মিজান মীর বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছে। মংলা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করা যায়নি। তদন্ত চালানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। ফারুক নামে একজনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
