ডেটলাইন ২৫ অক্টোবর না’গঞ্জে রাজপথ দখলে নিতে প্রস্তুত বড় দুই দল

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৪১
রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে আগামী ২৫ অক্টোবর রাজপথ দখলে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। উভয় দলের নেতারা ইতিমধ্যে সভা-সমাবেশ করে কর্মীদের সকাল থেকে সেদিন মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। এতে করে জেলায় বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শান্তির প্রতীক সাদা পতাকা নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছেন সাবেক এমপি শামীম ওসমান। গতকাল রবিবার ফতুল্লার পাগলা চিতাশালের মাঠে থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি বলেছেন, ‘২৪ অক্টোবর শহরে যে সমাবেশের কথা ছিল সেটা বাতিল করা হয়েছে। ওই সমাবেশ হবে কাঁচপুরে। ওই দিন থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দখলে থাকবে। সেদিন স্বাধীনতা ও শামীম ওসমান বিরোধী বিএনপি, জামায়াত, হেফাজত, আইভী ও রাব্বিরা মাঠে থাকলে তাদের পিটুনি দিয়ে হাত-পা ভেঙ্গে দেয়া হবে।’ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, স্বাধীনতা বিরোধীদের আর রাজপথে নামতে দেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এতে কেউ বাদ সাধলে তা কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমরা ২৫ অক্টোবর সকাল থেকে নারায়ণগঞ্জে অবস্থান করবো। আমাদের সঙ্গে জনগণ থাকবে। আমরা কোন সহিংসতা কিংবা সংঘাতে বিশ্বাসী না। তবে কেউ যদি হামলা চালায় অবশ্যই তা প্রতিহত করা হবে।’ জানা গেছে, গত শুক্রবার জেলা বিএনপির সভাপতি বন্দর উপজেলার ২০টি স্পটে প্রস্তুতিমূলক সমাবেশ করেছেন। সেখানে ২৫ অক্টোবর মাঠে থাকতে কর্মীদের বলা হয়েছে। তবে অন্য নেতাদের এসব সমাবেশে দেখা যায়নি। নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, ওই দিন নারায়ণগঞ্জ থেকে বিশাল মিছিল ঢাকায় যাবে। কোন বাধা আসলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।