কোম্পানিগঞ্জে দুই ডাকাত গুলিবিদ্ধ গ্রেফতার তিন

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৪১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ দুইজন ডাকাত বাহিনীর সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। গ্রেফতার হয়েছেন তিনজন। পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রবিবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের উত্তর মুছাপুর গ্রামের নেজাম ডাকাতের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেজাম বাহিনীর লোকেরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে শেখ কামাল প্রকাশ এলজি কামাল (৩২), জাহাঙ্গীর প্রকাশ কাচিওয়ালা জাহাঙ্গীর (২৯) গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ডাকাতদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।