আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, রাজধানীতে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও আলোচনার পরিবেশের উপর তা কোন প্রভাব ফেলবে না। আলোচনার মাধ্যমে সমঝোতা ও জানমালের নিরাপত্তার কারণে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা - দুইটি আলাদা বিষয়। তাই নেতিবাচক প্রভাব পড়ার ধারণা অমূলক।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিবি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দেয়ার অধিকার রয়েছে। তাতে বাধা দেয়ার কোন ইচ্ছা সরকারের ছিলো না। কিন্তু বিএনপির শীর্ষ নেতারা তাদের কর্মীদের দা-কুড়াল, সড়কি, বল্লমসহ রাজপথে নেমে আসার কথা বলেছেন। প্রকাশ্যে তাদের এ ঘোষণার কারণে ডিএমপি সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ‘সভা-সমাবেশে নিষেধাজ্ঞা গণতন্ত্র হত্যার চক্রান্ত’ মর্মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, উনি কি মনে করেন - দা-কুড়ালের মত অস্ত্র নিয়ে রাজপথে নেমে আসাটা গণতন্ত্র? সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন যদি মনে করে কেউ শর্ত সাপেক্ষে সভা-সমাবেশ করবে তবে সেটি তারা বিবেচনা করতে পারে। মাহবুব-উল-আলম হানিফ উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবের পর বিরোধী দলের কোন কর্মসূচি দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং তাদের আলোচনার মাধ্যমে সমঝোতার পথে আসা উচিত।
