শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:৪৩
শিক্ষক সংকটে দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজটিতে নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। শিক্ষার্থীদের ভাষ্য, ব্যবহারিক ক্লাস হয় না। বাণিজ্য বিভাগেরও শিক্ষক নাই, কোনদিন ক্লাস হয়, কোনদিন হয় না। কলেজে এসে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভাল ফলাফল করা সম্ভব হবে না। কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮০০। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) শাখায় ৯৮৪ জন, বিএ, বিএসএস, বিকম এবং বিএসসি বিভাগে ৮১৭ জন শিক্ষার্থী ভর্তি আছে। কলেজ কার্যালয় সূত্রে জানা যায়, কলেজটিতে ৫১ শিক্ষক পদের মধ্যে কর্মরত আছেন ২৫ জন। বাংলা ও ইংরেজী বিষয়ে ৮ জন শিক্ষকের স্থলে কর্মরত আছেন মাত্র ৩ জন। বিজ্ঞান বিভাগে ১৮ জনের মধ্যে ১০ জন, মানবিকে ১৭ জনে ১০ জন, বাণিজ্যে ৬ জনে ২ জন কর্মরত আছেন। প্রদর্শক ৪ জনে আছেন একজন। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সায়েম, মাসুমা পারভীন ও নুরেছা খাতুন জানায়, এখানে ঠিকমতো ক্লাস হয় না, ব্যবহারিক (প্রাকটিক্যাল) ক্লাস একদিনও হয়নি। স্নাতক বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান, সোহেলী আক্তার ও হাসিবুল ইসলাম জানায়, বাণিজ্য বিভাগে একদম ক্লাস হয় না। অন্য কলেজের স্যারদের কাছে প্রাইভেট পড়ে পরীক্ষা দিতে হচ্ছে। কলেজের উপাধ্যাক্ষ মো. ফিরজ আলম মোল্যা বলেন, শিক্ষক স্বল্পতার কারণে বিষয়ভিত্তিক শিক্ষকদের ওপর চাপ অনেক। প্রত্যেক শিক্ষককে বেশি ক্লাস নিতে হচ্ছে। প্রদর্শক না থাকার কারণে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদেরই ব্যবহারিক ক্লাস নিতে হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার দেব বলেন, শিক্ষক সংকটের বিষয়টি দীর্ঘদিনের। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। শূন্যপদ পূরণের প্রতিবেদন প্রতিমাসে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় কিন্ু্ত সংকট দূর হচ্ছে না।