উখিয়ায় রাবার ড্যাম উদ্বোধন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:৪৪
উখিয়ার থিমছড়ি খালের উপর পরিকল্পিত রাবার ড্যাম বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় চার কোটি টাকা ব্যয় বরাদ্দে উক্ত প্রকল্পের কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় পাঁচশত একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আসবে। পাশাপাশি শাক-সবজিসহ বিভিন্ন রবি শস্য উত্পাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার অপার সম্ভাবনা দেখে স্থানীয় কৃষকদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানির অভাবে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া, থিমছড়ি এলাকার আশপাশের প্রায় পাঁচ শতাধিক একর চাষাবাদের জমি অনাবাদী থেকে যায়। কৃষকের অভিযোগ, অপেক্ষাকৃত উঁচু এলাকা হওয়ার সুবাদে এখানে গভীর নলকূপ স্থাপন করেও পানি পাওয়া যায় না। ভালুকিয়ার উপর দিয়ে প্রবহমান থিমছড়ি খালের নাব্যতা হারিয়ে শুষ্ক মৌসুমে এটি মরা খালে পরিণত হয়। যে কারণে বর্ষা মৌসুমে কিছু কিছু জমি চাষাবাদের আওতায় আসলেও শুষ্ক মৌসুমে বৃহত্তর এলাকা অনাবাদী থাকার কারণে অধিকাংশ কৃষককে বছরের অধিকাংশ সময় খাদ্য ঘাটতিসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। গত রবিবার দুপুরে উক্ত রাবার ড্যাম উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাবার ড্যাম ও স্লুইস গেটসহ নানা প্রকার উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কৃষকদের মাঝে ডিজেল ভুর্তকির টাকা বিতরণ করে অধিক চাষাবাদের মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উত্পাদনের কাজ করে যাচ্ছে। যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। তিনি আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান ক্ষমতাসীন সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান। স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা প্রকৌশলী মো: জামাল উদ্দিন জানান, আগামী ৬ মাসের মধ্যে রাবার ড্যাম নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি রাবার ড্যাম নির্মাণকালে অত্র এলাকার লোকজনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।