নেত্রকোনার-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মোস্তাক আহমেদ রুহী কর্তৃক তার চাচাতো ভাই কলমাকান্দা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়নকে রবিবার বিকালে গুলি করার কথিত ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। চয়ন জানান, কলমাকান্দার ছত্রমপুর গ্রামে ঐদিন বিকালে এমপি রুহীর বাসার পানির লাইন আবর্জনায় বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে রুহীর সাথে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রুহী তাকে লক্ষ্য করে রিভলবার থেকে গুলি ছোঁড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি বেঁচে যান। এ ব্যাপারে রাতে এমপি রুহীর সাথে মোবাইলে এই প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, চয়ন তার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন লোকজনকে চাকরি দেবার নাম করে এবং বিভিন্ন প্রকল্প দেবার নাম করে টাকা নেয়। কিন্তু লোকজনকে চাকরি কিংবা প্রকল্প দিতে না পারায় লোকজন তার কাছে বিচার দিলে তিনি চয়নকে ডেকে লোকজনের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেবার কথা বলেন এবং তাকে শাসন করেন। এই ঘটনাকেই চয়ন গুলি করার কথা বলে রটিয়ে দেয়। আসলে কোন গুলির ঘটনা ঘটেনি।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান বলেন, তিনি কথিত গুলির ঘটনার কথা শুনে এমপি রুহীর বাসায় যান কিন্তু সেখানে গুলি ছোঁড়ার কোন আলামত পাননি। তবে এই ঘটনা সংক্রান্ত একটি মামলা তারা নিজেরা করেছেন বলে জানান।
