ফরিদগঞ্জের ঘরে ঘরে ইলিশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:৪৫
ইলিশের প্রজনন মওসুমে চাঁদপুরের মেঘনা পাড়ে পানির দরে বিক্রি হচ্ছে ইলিশ। এমনি খবর ছড়িয়ে পড়ার পর ফরিদগঞ্জ থেকে শত শত মানুষ ছুটছে মেঘনা পাড়ে। সেখান থেকে ইলিশ মাছ এনে মওজুদ চলছে ফরিদগঞ্জের ঘরে ঘরে। শুধু তাই নয় পানির দরে কেনা ইলিশ দূর দূরান্তের আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে উপহার হিসেবে। ঈদের দু’দিন আগে থেকে এ মহোত্সব চললেও তা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আদেশ অমান্য করে মেঘনায় ইলিশ নিধন অব্যাহত রেখেছে একশ্রেণীর অসাধু জেলে। নিধন করা ওই মাছ প্রকাশ্যে বাজারজাত করতে না পেরে মেঘনা পাড়ের বিভিন্ন স্থানে ও ঘাটে খুচরা বা সাধারণ ক্রেতাদের কাছে দেদারছে বিক্রি করছে। এ ব্যাপারে চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মাহ্ফুজুর রহমান বলেন, আমরা যথাসাধ্য অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু তারপরও তারা শতভাগ সফল নন। এজন্য তিনি পর্যাপ্ত জনবল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেশ প্রেমের অভাবকে দায়ী করেন। তিনি জানান, গত কয়েক দিনে আমরা ৩ লক্ষ মিটার জাল ও ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করেছি।