ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, দুই দফার পরিপত্র জারির দাবিতে সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ ও যানবাহন ভাংচুর করে এবং ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ১৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
রাজশাহীতে পরীক্ষা বর্জন
রাজশাহী অফিস জানায়, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকালের পরীক্ষাও বর্জন করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে গতকাল সকাল ১০টা এবং দুপুর ২টা থেকে দুই গ্রুপের তিন ঘণ্টাব্যাপী ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
