তারাগঞ্জে কলেজ অধ্যক্ষ সাসপেন্ড

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৩
অনিয়ম এবং দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে তারাগঞ্জ ও/এ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বারী মন্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১২-১০-২০১৩ইং তারিখে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক গত রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরে এ পত্র প্রেরণ করা হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনিছুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রে আরও উল্লেখ করা হয়েছে গত ২৪-০৪-২০১২ ইং তারিখে অধ্যক্ষ হিসাবে আব্দুল বারী মন্ডল কলেজে যোগদান করার পর থেকে কলেজের আয়-ব্যয় সংরক্ষণ না করে কলেজের সংরক্ষিত টাকা আত্মসাত্ করেন। এছাড়াও বিধি মোতাবেক তার ওপর অর্পিত প্রদত্ত ক্ষমতা পালন না করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অপর একটি পত্রে অত্র কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমানকে (মজনু) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল বারী মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন কিন্তু এখনও কোন লিখিত কাগজপত্র পাননি বলে জানান।