তিন দিনের মধ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আচরণবিধি সংশোধনের খসড়া আগামী তিনদিনের মধ্যে চূড়ান্ত করা হবে। পাশাপাশি আচরণবিধি চূড়ান্ত করার আগে সাধারণ জনগণ ও সকল রাজনৈতিক দলের মতামত নেয়া হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যান্য কমিশনারদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ। আবু হাফিজ বলেন, আচরণবিধির খসড়া চূড়ান্তকরণের কাজ চলছে। এর জন্য কমিশন আচরণবিধিতে দুটি পরিবর্তন আনছে। আগের আচরণবিধিতে যা আছে তার সাথে কিছু বিষয় যোগ করা হচ্ছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হচ্ছে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে দলীয় সরকারের অধীনে এবং সংসদ বহাল রেখে কিভাবে লেভেল প্লেয়িং ফিল্ড বহাল থাকবে সে বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। কারণ সংসদ বহাল রেখে নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেই নির্বাচনে যেতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন দেশের আচরণবিধি যাচাই-বাছাই শেষ করে চূড়ান্ত খসড়া প্রণয়নের কাজ চলছে। আচরণবিধি সংশোধনের বিষয়ে আবু হাফিজ বলেন, একটি আচরণবিধি আগে থেকেই রয়েছে। তবে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করলে রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের মতামত নেয়ার বিষয়ে তিনি বলেন, আচরণবিধির খসড়া চূড়ান্ত করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার জন্য তাদের কাছে পাঠানো হবে। পাশাপাশি সাধারণ জনগণের মতামত নিতে ইসির ওয়েব সাইটে প্রকাশ করা হবে। যে কোন নাগরিক এ সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত পেশ করতে পারবেন। এরপরই তা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। সংবিধান অনুযায়ী চলতি বছরের ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে আগামী দশম সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।