এফবিসিসিআই

সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন শেখ ফজলে ফাহিম

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:১৩

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৯-২১ মেয়াদকালের পরিচালনা পর্ষদ গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নবনির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, নির্বাচিত ৬ জন সহ-সভাপতিসহ পরিচালকবৃন্দ এফবিসিসিআই ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন। এফবিসিসিআই নির্বাচন বিধিমালা অনুযায়ী ২০১৯-২১ মেয়াদে চেম্বার গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হলেন। শেখ ফজলে ফাহিম গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আগামী দু’বছরের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. মুনতাকিম আশরাফ। এ ছাড়াও, চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জন করে আরো মোট ৬ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর তিনি বক্তব্য দেন। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই যথাযথ ভূমিকা পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন দায়িত্ব হস্তান্তরের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর আগে এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন ফলাফল ঘোষণা করেন।