নারায়ণগঞ্জ হতে সোনারগাঁও পর্যন্ত চলাচল করা বাঁধন পরিবহন থেকে গত ৫ বছরে প্রায় সাড়ে ৭ কোটি টাকা চাঁদাবাজি হয়েছে বলে এ পরিবহনের বাস মালিকরা অভিযোগ করেছেন। ‘সাবেক এমপি শামীম ওসমানের সমর্থক মোক্তার হোসেন ও তার লোকজনের’ এ চাঁদাবাজির কারণে বাস মালিকরা ছিল অসহায়। কিন্তু এখন থেকে তারা আর চাঁদা না দেয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ভাড়া ৫ টাকা কমানোর ঘোষণা দেন।
কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাঁধন পরিবহনের কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ভাড়া কমানোর ঘোষণা দেয়া হয়। এর ফলে এ রুটে এখন ৪০ টাকার স্থলে ৩৫ টাকা ভাড়া আদায় করা হবে। এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা বন্ধন, আনন্দ ও নারায়ণগঞ্জ-শিমরাইল রুটে চলাচল করা নসিব পরিবহনের বাস মালিকরা ‘মোক্তার হোসেন’দের চাঁদা দেয়া বন্ধ করে ভাড়া কমায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন— বাঁধন পরিবহনের মালিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার প্রধান। উপস্থিত ছিলেন— বাদশা মিয়া, মো. সোহেল, এসএম মল্লিক, সুলতান আহমেদ, সাদেক, বাশার, এসএম মানিক, মেরাজ প্রমুখ।
