পাল্টাপাল্টি সংগ্রাম কমিটি রাজশাহীতে উত্তেজনা

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী ১৮ দলীয় জোট এবং ক্ষমতাসীন ১৪ দলীয় জোট রাজশাহীতে পাল্টাপাল্টি সংগ্রাম কমিটি গঠন করেছে। এনিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, একদলীয় নির্বাচন প্রতিহত করতে কেন্দ্রীয় ঘোষণার প্রেক্ষিতে রাজশাহীতে ১৮ দলীয় জোটের ‘ভোটকেন্দ্র সংগ্রাম কমিটি’ গঠনের কাজ চলছে। মহানগর ১৮ দলের সমন্বয়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে আহ্বায়ক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট মহানগর সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। মহানগর এলাকায় ভোটকেন্দ্রভিত্তিক আরো শতাধিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্য সংখ্যা ১৫১ জন। এছাড়া গঠিত হয়েছে ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড এবং চারটি থানা কমিটি। এসব কমিটির সদস্য সংখ্যা ২১ জন। শনিবার রাতে ১৮ দলের বিশেষ জরুরি সভা শেষে মিজানুর রহমান মিনু সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, সরকার একদলীয়ভাবে নির্বাচন করার চেষ্টা করলে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে। এ লক্ষ্যে ভোটকেন্দ্র সংগ্রাম কমিটি গঠিত হচ্ছে। কমিটির সদস্যরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে একদলীয় নির্বাচন বর্জনের আহ্বান জানাবেন। অন্যদিকে ১৮ দলের সংগ্রাম কমিটিকে মোকাবেলা করতে পাল্টা কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্থানীয় ১৪ দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহানগরীর প্রতিটি ভোটকেন্দ্রে এসব কমিটি কাজ করবে। ইতিমধ্যে আওয়ামী লীগ মহানগরীর ৩০টি ওয়ার্ড এবং প্রতিটি মহল্ল¬?ায় এই কমিটি গঠন করেছে বলে জানা গেছে। স্থানীয় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত দলীয় কার্যালয়ে এসব কমিটি গঠনের কাজ তদারকি করছেন। একই কার্যালয়ে তাকে সহায়তা করছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ বলেন, ১৪ দলের মহল্ল¬?া কমিটি গঠনের কাজ প্রায় শেষের পথে। এখন মহানগরীর ১৩৭টি ভোটকেন্দ্রের জন্য একটি করে কমিটি গঠনের কাজ চলছে। ১৪ দল ও মহাজোটের সঙ্গে থাকা অন্য দলগুলোর নেতৃবৃন্দকে কমিটিতে রাখা হচ্ছে। এসব কমিটি বিরোধী দলের সংগ্রাম কমিটির ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলায় কাজ করবে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১৪ দলীয় জোট সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর। তাই আমরা রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের ও অসামপ্রদায়িক চেতনার ঐক্যের মাধ্যমে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবো। কেউ নির্বাচন প্রতিরোধ করতে চাইলে জনগণই তার জবাব দেবে।