হবিগঞ্জে জজ-ম্যাজিস্ট্রেট সংকট, মামলা ৩৫ হাজার

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৪
হবিগঞ্জে জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সঙ্কট সমাধানের দাবিতে সোমবার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন আইনজীবীরা। বেলা ১০ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এতে জেলার কয়েকশ’ আইনজীবী অংশ নেন। একই সাথে পালন করা হয় কর্মবিরতি। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আফতাবউদ্দিন, সাধারণ সম্পাদক সালেহউদ্দিন আহমেদ এবং খালেকুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুর রউফ, রুহুল হাসান শরীফ, ছালেহউদ্দিন আহমেদ,বদরু মিয়া, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, মুরলীধর দাশ, আলাউদ্দিন তালুকদার, আরিফ চৌধুরী, তাজউদ্দিন সুফি প্রমুখ। মানববন্ধনে জানানো হয়, হবিগঞ্জের বিভিন্ন আদালতে মোট ৩৫ হাজার ৬৯৫টি মামলা বিচারাধীন রয়েছে। জেলা জজশিপে ২জন যুগ্ম জজ ও ৫জন সহকারী জজ এবং ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ শূন্য রয়েছে। জজশিপে মামলা বিচারাধীন আছে ১৬ হাজার ৩৭৬টি। অপরদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মাত্র তিনজন বিচারক কাজ করছেন। ইতিমধ্যে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলির আদেশ এসেছে। জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে হওয়ায় আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক কোর্ট। কিন্তু দীর্ঘদিন যাবত্ সেখানে ম্যাজিস্ট্রেটের পদ শূন্য রয়েছে। ফলে সপ্তাহের একদিন উল্লিখিত উপজেলার বিচারপ্রার্থীদের জেলা সদরে আসতে হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহে বর্তমানে মোট ১৯ হাজার ৩১৯ মামলা বিচারাধীন রয়েছে। জজশিপে যুগ্ম জেলা জজ (১)-এর পদটি শূন্য থাকায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলাগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি নিয়ে শংকা দেখা দিয়েছে । বর্তমানে হবিগঞ্জ জেলায় অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে ৪ হাজার ২৪৩ মামলা বিচারাধীন রয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ছালেহউদ্দিন আহমেদ জানান, হবিগঞ্জে যুগ্ম জজ, সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পোস্টিং করার জন্য আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবরে জেলা জজ পত্র দিয়েছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকেও প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়েছে।