নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যে পৃথক প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, এই প্রস্তাবের মধ্য দিয়ে সংলাপের পথ উন্মুক্ত হয়েছে। আলোচনার দরোজা খুলে গেছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিরোধী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের বিপরীতে যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে উভয় দলই আলোচনায় বসবেন এবং সুষ্ঠু নির্বাচনের একটি পথ খুঁজে বের করবেন। দুই দলের উচিত এই সুযোগ কাজে লাগানো। গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মজীনা।
যুক্তরাষ্ট্র চায় সকল দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। সংলাপের মাধ্যমে সেই সমঝোতার পরিবেশ সৃষ্টি হবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ প্রসঙ্গে মজীনা বলেন, মিছিল-মিটিং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তাই টেকসই নিরাপত্তার স্বার্থে গণতান্ত্রিক বিষয়গুলো চর্চা করা দরকার।
