রোড ডিভাইডারের দাবীতে গোয়ালন্দে মানববন্ধন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৬
ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী থেকে গোয়ালন্দ রেলগেট পর্যন্ত রোড ডিভাইডারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত রবিবার উজানচর রমজান মাতুব্বর পাড়ায় সড়ক দুর্ঘটনায় কুদ্দুস সরদার (৩২) নামের এক ব্যক্তি মারা যায়। একইদিন ওইস্থানে দ্রুতগামী বাস চাপায় হূদি আক্তারী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতার বিক্ষোভে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ইউএনও মো. ছরোয়ার হোসেন, গোয়ালন্দঘাট থানার ওসি (তদন্ত) উপস্থিত হয়ে জনতাদের শান্ত করলে পৌনে এক ঘন্টা পর যান চলাচল শুরু হয়। গতকাল গোয়ালন্দ বাসস্ট্যান্ডে মানববন্ধনের সময় গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, অধ্যাপক আউয়াল আনোয়ার, উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন, সংগঠনের সভাপতি মিলন গায়ান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। পরে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেনের কাছে স্মারকলিপি দেয়া হয়। গত ১৬ জানুয়ারি দৌলতদিয়াঘাট বাইপাস ও চার লেন সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তাত্ক্ষণিকভাবে সড়ক ও জনপদ বিভাগ ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ডিভাইডার করার নির্দেশ দেন। সওজ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমিরন রায় জানান, বাঁক এলাকায় মাটি ভরাটের জন্য শীঘ্রই কার্যাদেশ প্রদান করা হবে।