গুপ্তচরবৃত্তির অভিযোগে ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা গোপনে ফরাসি নাগরিকদের তথ্য সংগ্রহ করেছে- ফরাসি পত্রিকা লে মঁদের এমন খবরের পরেই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এর আগে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস এই ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মিত্র দেশ যদি ফ্রান্সের ওপর গুপ্তচরবৃত্তি চালায়, তাহলে এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে ফরাসি পত্রিকা ‘লে মঁদে’ দেশটির নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দাদের আড়িপাতার অভিযোগ করেছে। পত্রিকাটি জানায়, ফ্রান্সের কোটি কোটি নাগরিকের ফোনকলে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরপত্তা সংস্থা (এনএসএ)। ব্যবসায়িক নানা কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন কর্মকর্তা এবং সন্ত্রাসী সন্দেহে বহু নাগরিকের ওপর চলেছে গোপন এ নজরদারি। গত বছর ১০ ডিসেম্বর থেকে এ বছর ৮ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩০ দিনের মধ্যে এনএসএ ৭ কোটি ৩ লাখ নাগরিকের ফোন কলে আড়ি পাতে বলে রিপোর্টে জানানো হয়। পত্রিকাটির এ দাবির প্রেক্ষিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপ-১ বেতারে এক মন্তব্যে বলেন, গুপ্তচরবৃত্তি করলে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বছরের পর বছর ধরে ই মেইল, টেক্সট মেসেজ, টেলিফোন ও ইন্টারনেট ব্রাউজিং রেকর্ড জমা করা হয়েছে বলেও জানানো হয় পত্রিকাটির খবরে। আঁড়িপাতার অভিযোগে ফ্রান্স-মার্কিন কুটনৈতিক বিরোধ দেখা দেয়ার ঝুঁকি তৈরী হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
