হরিণাকুণ্ডুতে অফিসে ঢুকে সরকারি কর্মকর্তাকে পিটিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৮
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা বিআরডিবি অফিসে ঢুকে সন্ত্রাসীরা গত রবিবার বিকালে কর্মকর্তা মনিশংকর রায়কে পিটিয়েছে। তারা আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ৩ ঘন্টা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা কর্ম বিরতি পালন করেন । বিআরডিবির হরিণাকুন্ডু উপজেলা কর্মকর্তা মনিশংকর রায় অভিযোগ বলে বলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের মেম্বর পদে উপ-নির্বাচনের ফলাফল বদলে না দেয়ার আমার ওপর এ হামলা করা হয়েছে। আমি এ নির্বাচনের প্রিসাইডিং অফিসার ছিলাম। তিনি জানান, অফিসে বসে গত রবিবার বিকালে তিনি কাজ করছিলেন। এ সময় আব্বাস আলি, ইউসুফ আলি ও আলমসহ আরো কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী অফিসে ঢুকে তার গলা চেপে ধরে কিল ঘুষি মারতে থাকে। এ সময় তারা অফিস থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাজেদুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনার প্রতিবাদে হরিণাকুন্ডুতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারিরা দোষিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত কর্ম বিরতি পালন করেন। হরিণাকুন্ডু থানার ওসি মমিনুল হক বলেন, লাঞ্ছিত অফিসারকে মামলা দিতে বলা হয়েছে। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, নির্বাচনে বিজয়ী প্রার্থী বিএনপি ও পরাজিত প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত ছিলেন। গত ৩ অক্টোবর মেম্বর পদে উপ-নির্বাচনে জাহিদুল ইসলাম ৮শ’ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী বজলুর রশিদ আক্কাস ৮৩৭ ভোট পান।