বিয়ানীবাজারে গতকাল সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
জানা যায়, সকালে ছাত্রলীগের মূলধারা গ্রুপের কর্মী রুবেলকে (২০) বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে রিভার বেল্ট গ্রুপের কিছু কর্মী কুপিয়ে গুরুতর আহত করে। এখবর ছড়িয়ে পড়লে মূলধারা গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ রোডে পৌঁছলে রিভার বেল্ট গ্রুপের অপুর নেতৃত্বে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। মূলধারা গ্রুপের নেতাকর্মীরাও এ সময় পাল্টা প্রতিরোধ গড়ে তুলে গুলিবর্ষণের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় আধঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন জাহিদ, ওয়াহিদ, বদরুল, রাজু, জাফর, তাহের প্রমুখ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী জানান, আহত রুবেল বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছেন।
