বরিশালের পল্লীতে সংঘর্ষে পুলিশসহ আহত ১০

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫০
সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামে গতকাল সোমবার দুপুরে পরকীয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশ দু’ মহিলাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে গুরুতর আহত প্রেমিক মামুন, তার ভগ্নিপতি মনির, নিকটাত্মীয় সুমন ও মনিরকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমিন জানান, শিবপাশা গ্রামের রাজুর স্ত্রী সালমার (২২) সঙ্গে একই গ্রামের লতিফ মৃধার ছেলে মামুনের (২৫) দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। গতকাল বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিমানবন্দর থানার ওসি শহীদুল্ল¬াহ জানান, মামুন তার ভগ্নীপতি মনিরকে সঙ্গে নিয়ে সালমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সালমার পরিবারের লোকজন প্রথমে হামলা করে। খবর পেয়ে মামুনের পরিবারের লোকজনও পাল্টা হামলা চালালে দু’পক্ষের সংঘর্ষ বাধে। একপর্যায়ে সালমার পরিবারের হামলার মুখে টিকতে না পেরে মামুন ও তার আত্মীয়-স্বজন আশপাশের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে হামলায় এএসআই কামরুল ও কনস্টেবল নকিব আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ও ২টি টিয়ার সেল নিক্ষেপ করে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিলুফার বেগম, রাশিদা বেগম, নাসির ও ফাইজুলকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান। পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।