শেষ বিকালের আঘাতে নড়বড়ে বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৩
দীর্ঘকাল পরে টেস্ট হচ্ছে মিরপুরে, বাংলাদেশ ভালো খেলার মধ্যে আছে; সব কারণ মিলিয়ে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট মাঠেই যে দর্শক হলো, তাতে অনেক দেশের ওয়ানডে আয়োজকরাও ঈর্ষা বোধ করতে পারেন। এই দর্শকদের সন্তুষ্ট চিত্তে বাড়ি পাঠানোর মতো করেই ব্যাট করছিলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু শেষ বিকেলের বৃষ্টি আর পরপর গোটা কয়েক উইকেটের পতনে সন্তুষ্টিটা আর থাকলো না। চা-বিরতির সঙ্গে সঙ্গে নামা বৃষ্টিতে দিনের শেষ সেশনে অবশ্য আর খেলাই হলো না। এই হঠাত্ বৃষ্টির আঘাতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তামিমের ৯৫ রানে ভর করে বাংলাদেশ ৫ উইকেটে ২২৮ রান তুলে দিনের খেলা শেষ করল। উইকেটে আছেন মুশফিকুর রহিম। কালকের ক্ষতি পুষিয়ে নিতে আজ আধা ঘণ্টা আগে, মানে সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত যে মুষলধারে বৃষ্টি হয়েছে, তাতে দিনের খেলা আজ কখন শুরু হবে, তা বলা কঠিন! টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। একদিকে এনামুল হক বিজয় তার ফর্মহীনতা ধরে রেখে ব্যক্তিগত ৭ রানে ফিরে এলেন। আরেক দিকে তামিম ইকবাল পরপর দু’বার ক্যাচ তুলে দিয়েও বেঁচে গেলেন। তবে এই প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর মার্শাল আইয়ুব ও তামিম ইকবাল দারুণভাবে স্থিতিশীল করে দিলেন বাংলাদেশের ইনিংসকে। বিস্ময়করভাবে দু’জনের জুটিতে চট্টগ্রাম টেস্টে দারুণ ধৈর্য দেখানো মার্শালই বেশি আক্রমণাত্মক ব্যাটিং করলেন। শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেটে এই দু’জন ৬৭ রান যোগ করার পর ৬২ বলে ৬টি চারে সাজানো ৪১ রান করে ফিরে গেলেন মার্শাল। তারপরও বাংলাদেশের ইনিংসে তেমন কোনো প্রভাব পড়েনি। তামিম ইকবালের সঙ্গে এই সময় এসে যোগ দিলেন চট্টগ্রামে ১৮১ রানের মহাকাব্য লেখা মোমিনুল হক। তিনিও গতকাল দারুণ আক্রমণাত্মক খেললেন। চতুর্থ উইকেটে মোমিনুল আর তামিম যোগ করলেন ৭৬ রান; এর মধ্যে ৪৭ রানই মোমিনুলের। মাত্র ৫৮ বলে ৮টি চারে সাজানো এই ইনিংস খেলে মোমিনুল ফিরে যাওয়ায় এই জুটি ভাঙল। ততোক্ষণে তামিম ইকবাল তার পঞ্চম সেঞ্চুরির স্বপ্ন দেখাতে শুরু করেছেন। বন্ধু সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ার পথে নিজের গুটিয়ে যাওয়া অবস্থাটা ছেড়ে বেরিয়ে এলেন তামিম। একটার পর একটা বাউন্ডারিতে পৌঁছে গেলে ৯৫ রানে। এই অবস্থায়ই ইনিংসে তৃতীয়বারের মতো ক্যাচ তুলে দিলেন এই বাঁহাতি ওপেনার। এবার কঠিন ক্যাচটা ধরে তামিমকে ফিরিয়ে দিলেন কেন উইলিয়ামসন। ফলে ১৫৩ বলে ১৭টি চারে সাজানো তামিমের ইনিংসের সমাপ্তি ঘটলো। চা-বিরতির ঠিক আগে-আগে তামিমকে এভাবে হারানোটাই আসলে দিনটাকে বাংলাদেশের হতে দিলো না। তামিম আউট হওয়ার দলীয় ২০ রান পর আউট হয়ে ফিরলেন সাকিব আল হাসানও। সাকিব আউট হওয়ার সঙ্গে সঙ্গে চা-বিরতি ঘোষণা করা হলো এবং নামল বৃষ্টি। এই পরপর কয়েকটি ঘটনায় দিনের মাঝের হাসিমুখটা আর ধরে রাখতে পারল না বাংলাদেশ। এখন দেখার বিষয় মুশফিক, নাসির, সোহাগরা আজ আবার প্রতিরোধটা গড়ে তুলতে পারেন কি না।