রয়টার্সের প্রতিবেদন

অচলাবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৪
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এর ফলে আগামী নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হতে পারে। এমনকি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। গত রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলে দেশটির প্রধান রপ্তানি নির্ভর পোশাক শিল্প হুমকির সম্মুখীন হতে পারে। এমনিতেই এ খাতে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় অনেক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২০১১ সালে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে, যে ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তিন মাস আগে নিরপেক্ষ ব্যক্তিরা দায়িত্ব গ্রহণ করেন। নিয়মানুযায়ী ২৪ অক্টোবরের মধ্যে দায়িত্ব ছেড়ে দেয়ার কথা থাকলেও তা করতে অস্বীকৃতি জানিয়েছে বর্তমান সরকার। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিপরীতে দশ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলেছেন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সরকার ক্ষমতা না ছাড়লে সারা দেশে বিএনপি বড় ধরনের অন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দিয়েছে। এমনকি নির্বাচন বর্জনেরও হুমকি দিয়েছে। বিএনপি নির্বাচনে না এলে সরকারের শরীক দল সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও অংশ নিবে না বলে জানিয়েছে। বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আমাদের দাবি মানছেন না। ফলে দেশ অচলাবস্থার দিকে যাচ্ছে। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিকল্প আর কী হতে পারে? তিনি বলেন, আওয়ামী লীগ কয়েকদিনের মধ্যে বিএনপি’র প্রস্তাবের ব্যাপারে জানাবে।