ইতিহাস থেকে জানা যায়, ইতালির রোম নগরী যখন পুড়ছিল তখন সম্রাট নীরো বাঁশি বাজাচ্ছিলেন। আর এই ঘটনা নীরোকে ইতিহাসের পাতায় কলঙ্কিত করে রেখেছে। ঠিক তেমনই একটা ঘটনা ঘটালেন কেনিয়ার কিছু সেনাসদস্য। শপিংমলে হামলা চালিয়ে জঙ্গিরা একের পর এক লোকজনকে হত্যা করছিল আর উদ্ধার অভিযান চালাতে গিয়ে সুযোগ বুঝে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র লুটপাট করছিল তারা!
গত ২১ সেপ্টেম্বর আল-শাবাব জঙ্গি গোষ্ঠী কেনিয়ার রাজধানীর ওয়েস্টগেট শপিংমলে আগতদের জিম্মি করে বেপরোয়া হত্যাযজ্ঞ শুরু করে। এ ঘটনায় ৬৭ জন নিহত হয়। শপিংমলকে জঙ্গি মুক্ত করতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। সেনাবাহিনী কয়েকদির ধরে অভিযান পরিচালনার পর আলোচিত এই ঘটনার অবসান ঘটে। কিন্তু সমপ্রতি শপিংমলের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, কিছু সেনাসদস্য বিভিন্ন দোকান থেকে মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র লুটপাট করছে! জঙ্গিদের পিছু ধাওয়া করার ব্যাপারে তাদের গরজ ছিল না। তবে পার পাচ্ছে না এই আধুনিক ‘নীরোরা’; দোষী সেনাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। - বিবিসি
