পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে আতঙ্কে চট্টগ্রামবাসী

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৭
আগামী ২৫ অক্টোবর শুক্রবার চট্টগ্রামের লালদীঘি ময়দানের সমাবেশকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দল মুখোমুখি অবস্থান নেয়ায় নগরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উভয় দলই সেদিন নগরীতে বিশাল শোডাউন করার লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে। আওয়ামী লীগ গতকাল সোমবার থেকে নগরীতে মাইকিং শুরু করেছে। অন্যদিকে বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে বিশাল মিছিল করার কথা বলা হয়েছে। উভয় দলই তাদের কাছে সমাবেশ করার অনুমতি রয়েছে বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, সেখানে কাউকে সমাবেশ করার অনুমতি দেয়নি তারা। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ইত্তেফাককে বলেন, ২৫ অক্টোবর সমাবেশ করার জন্য আমরা অনুমতি পেয়েছি। তাই সোমবার থেকে মাইকিং করা হচ্ছে। একই স্থানে বিএনপি ঘোষিত সমাবেশের ব্যাপারে অ্যাডভোকেট ইব্রাহিম বলেন, বিএনপি কি করবে না করবে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগুচ্ছি। সোমবার আমাদের অঙ্গ-সংগঠনগুলোর বৈঠক হয়েছে। বৈঠকে কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া থানা ও ওয়ার্ড ভিত্তিক জনসভা করার পরিকল্পনা নেয়া হয়েছে। নগরীর প্রতিটি থানায় পর্যায়ক্রমে প্রতিদিন দু’টি করে জনসভা হবে। থানাভিত্তিক জনসভা শেষ করার পর প্রতিটি ওয়ার্ডে জনসভা হবে। ২৫ অক্টোবর লালদীঘির সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে। এদিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ইত্তেফাককে বলেছেন, ২৫ অক্টোবর সমাবেশের জন্য নগর বিএনপির পক্ষ থেকে অনেক আগেই মুসলিম হাইস্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে। এরপর আর কোনো দলের পক্ষে ওই মাঠ ব্যবহারের সুযোগ নেই। ওই মাঠে শুক্রবার শুধু বিএনপির সমাবেশই হবে। এজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ২৫ অক্টোবর সমাবেশের সমর্থনে আজ মঙ্গলবার নগরীতে বিএনপির বিশাল মিছিল বের হবে। এছাড়া শুক্রবারের সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেছেন, ২৫ তারিখে সমাবেশ করার জন্য কাউকেই অনুমতি দেয়া হয়নি। এ ব্যাপারে গ্রহণযোগ্য সমাধানের জন্য আমরা উভয় দলের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, আজকালের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।