সমতা আনার লক্ষ্যে মাঠে নামছে ভারত

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৬
সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত সাত ম্যাচ সিরিজের চতুর্থটিতে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রানচিতে এই ম্যাচ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে,আগের ম্যাচের বাজে বোলিং বোলিং সত্ত্বেও সিরিজের পরবর্তী সবগুলো ম্যাচেও অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে তারা। সিরিজের তৃতীয় ম্যাচে ভারত জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও পেসার ইশান্ত শর্মার বাজে বোলিংয়ে পরাজিত হয়। ওই ম্যাচে প্রথমে ব্যাটে নেমে বিপদে পড়ে ভারত। ১৫৪ রান তুলতেই ছয় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে টেনে তোলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের হার না মানা ১৩৯ রানের উপর ভর করে স্বাগতিকরা ৩০৩ রানের বড়ো সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে অজিরা ১৭৪ রান তুলতে ছয় উইকেট হারায়। জয়ের জন্য শেষ তিন ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ৪৪ রান। ৪৮তম ওভারে ইশান্ত শর্মা বল করতে এসে ৩০ রান খরচ করেন। ওই ওভারে জেমস ফকনারের ব্যাটিং তান্ডবে প্রায় অসম্ভব এই লক্ষ্যকে ছুঁয়ে ফেলে অজিরা। ফকনার ২৯ বলে ৬৪ রান সংগ্রহ করেন। চলতি সিরিজে ইশান্ত শর্মা ছাড়াও ভারতের বাকি দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং বিনয় কুমারের বোলিংয়েরও একই অবস্থা। বিশেষ করে স্লগ ওভারে ভারতীয় পেসাররা পাত্তাই পাচ্ছেন না অজিদের কাছে। দলের দুর্দান্ত ব্যাটিং লাইনআপের পরও তাই বোলারদের বাজে পারফরম্যান্সই তাই এই মুহুর্তে মাথা ব্যাথা হয়ে দাড়িয়েছে অধিনায়ক ধোনির। স্কোয়াডে থাকা বাকি দুই পেসার মোহাম্মদ সামি এবং জয়দ্বীপ উনাদকাত গত আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ভাল বল করেছিলেন। মূলত অধিনায়ক ধোনির দলে জায়গা পাওয়া বোলারদের ‘আরো সুযোগ’ দেয়ার মাসনিকতার কারণেই আজকেরটি সহ সিরিজের বাকি ম্যাচগুলোতে ভারতীয় স্কোয়াড অপরিবর্তিত থাকছে। এদিকে ইনজুরির কারণে ভারত সফরে দলের বাইরে আছেন ওয়ানডে এবং টেস্টে অষ্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারত সফরে সফরকারীদের নেতৃত্ব দিচ্ছেন জর্জ বেইলী।