চাইলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটাকে প্রথম দিনের ‘কার্বন কপি’ বলে চালিয়ে দেয়া যেত। প্রথম দিনও বোলাররা ঠিক ত্রাস হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে বাগড়া দিল; গতকালও তাই। পার্থক্য একটাই, গতকাল চা-বিরতির প্রায় আধা ঘন্টা আগেই আকাশ কালো করে বৃষ্টি নামল। সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি রীতিমতো মুষলধারে নেমে মাঠ ডুবিয়েই দিল প্রায়। তাতেই দিনের খেলা কালও শেষ হয়ে গেল প্রায় দেড় সেশন হাতে রেখে। এরই আগে যেটুকু খেলা হল, তাতে দু’দল মিলিয়ে ৮ উইকেট হারিয়ে ফেললো। প্রথম সেশনেই বাংলাদেশ অবশিষ্ট ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংস অলআউট হল ২৮২ রানে। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের দূরন্ত আক্রমণে ১০৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেললো নিউজিল্যান্ড।
৫ উইকেটে ২২৮ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে, গতকাল খেলা শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন মুশফিকুর রহিম ১৪ রান নিয়ে এবং নাসির হোসেন নতুন করে যোগ দিয়েছিলেন। কিন্তু এই ব্যাটসম্যানরা আর বেশিদূর এগোতে পারেননি। এই টেস্টে দলে সুযোগ পাওয়া নেইল ওয়াগনারের দৌরাত্ম্যে। মূলত ওয়াগনারের কারণেই গতকাল আগের দিনের স্কোরের সঙ্গে ৫৪ রান তুলতেই অলআউট হয়ে গেল বাংলাদেশ। সকালে স্কোর বোর্ডে আর ১৮ রান যোগ হতেই ফিরে গেলেন মুশফিক। এরপর নাসির হোসেন বা সোহাগ কেউই পারেননি আগে-পরের সুনামটা রক্ষা করতে। সবশেষে রুবেল হোসেনকে আউট করে ইনিংসে ৫ উইকেট শিকার নিশ্চিত করেন ওয়াগনার।
চারশ’ রানের টার্গেট মাথায় রেখে খেলতে নামা বাংলাদেশ শতাধিক রান পেছনে থেকে অলআউট হয়ে গেল। এই অবস্থাটাকে একটু হলেও পিছিয়ে থাকাই বলে। দুই পেসার আল আমিন ও রুবেল হোসেন অন্তত নতুন বলে দলকে লড়াইয়েই ফেরাতে পারেননি। সেই কাজটাই করলেন সাকিব আল হাসান। ভালো বল করলেও সেই ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের পর থেকে আর ইনিংসে ৫ উইকেট নেই সাকিবের। মাঝে কয়েকটা টেস্টে ঠিক নামের প্রতি সুবিচার করার মতো বোলিংও করেননি। সেই খরাটা যে লম্বা সময়ের নয়, তা বোঝাতেই অসাধারণ বোলিং করলেন কাল।
মোমিনুলের অসাধারণ ক্যাচে পরিণত করে সাকিব প্রথম সাজঘরে ফেরালেন হামিশ রাদারফোর্ডকে। পরের ওভারেই নিজের ভেল্কিটা দেখালেন। পিটার ফুলটনকে পরিষ্কার উল্টো বাঁক নেয়া বলে বোকা বানিয়ে ফেরালেন। দূসরাটা বুঝতে না পেরে ব্যাট উঁচু করে এলবিডব্লিউ হলেন ফুলটন। এরপর ব্রেন্ডন ম্যাককালামকেও ফেরালেন সাকিব; এবার দূরন্ত ক্যাচ নিলেন পেসার রুবেল হোসেন।
এর আগেই অবশ্য রুবেলও একটা ‘আঘাত’ করে গেছেন। উইকেট না পেলেও তার বলে ভুল বুঝে ডাক করতে গিয়ে হেলমেটের ফাঁক গলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন কেন উইলিয়ামসন। ম্যাককালাম আউট হওয়ার পর রস টেলরের সঙ্গে অবশ্য আবার এসে যোগ দিয়েছেন উইলিয়ামসন।
