নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তদের সম্মেলনে ড. ইউনূস

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৩৯
সারাবিশ্বের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ব্যক্তিত্বদের ১৩তম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস এখন পোল্যান্ড সফর করছেন। ২১ অক্টোবর সোমবার তিনি ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও দেন। গতকাল মঙ্গলবারও তিনি সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তৃতা করেন এবং আজ শেষদিন বুধবার ‘ইয়ূথ ইন সলিডারিটি’ শীর্ষক সেমিনারে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে। প্রথমবারের মতো পূর্ব ইউরোপের কোনো দেশে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘স্ট্যান্ড ইন সলিডারিটি ফর পিস-টাইম টু এ্যাক্ট’। ঢাকায় ইউনূস সেন্টার সূত্রে এসব তথ্য জানা গেছে। পোল্যান্ডের সাবেক শ্রমিক নেতা লেস ওয়ালেসার নোবেল শান্তি পুরস্কার জয়ের ঠিক ৩০ বছর পর এবার সম্মেলনটি পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে অনুষ্ঠিত হচ্ছে। ৩০ বছর আগে গুডেনাক শিপ ইয়ার্ডে আন্দোলনরত শ্রমিকদের সফলভাবে নেতৃত্ব দিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। মূলত ওই আন্দোলনের মাধ্যমেই পোল্যান্ডে সমাজতন্ত্রের পতন শুরু হয়েছিল। লেস ওয়ালেসা এ বছর তার ৭০তম জন্মদিনও পালন করছেন। শান্তি পুরস্কার বিজয়ীদের ১৩তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লেস ওয়ালেসা এবং ড. ইউনূস ছাড়াও বক্তৃতা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ডি ক্লার্ক। এরপর ‘হিউম্যান ভ্যালুজ ইন দ্য টাইম অব ক্রাইসিস’ শীর্ষক প্ল্যানারি সেশনেও বক্তব্য দেন ড. ইউনূস। সেখানে তিনি পোল্যান্ডের প্রখ্যাত সমাজকর্মী জারজি ওউসিয়াকের হাতে একটি সম্মাননা পদক তুলে দেন। জারজি ওউসিয়াক তার দেশে তরুণদের সাথে কাজ করার জন্য সুপরিচিত। প্রতি বছর আগস্ট মাসে তিনি তরুণদের জন্য একটি মিউজিক উত্সবের আয়োজন করেন, যা ইউরোপের উডস্টক উত্সব হিসেবে পরিচিত। ওই উত্সবে প্রায় ৫ লাখ তরুণ-তরুণী মিলে একটি ‘তাঁবুর শহর’ তৈরি করে। উত্সবের সময় তারা পোল্যান্ডের গণ্যমান্য নেতা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত্ করেন, চলতি জীবনের অনেক ইস্যু নিয়ে কথা বলেন এবং রক সঙ্গীত উপভোগ করে থাকেন। প্রফেসর মুহাম্মদ ইউনূসকে মেডেলের জন্য ধন্যবাদ জানিয়ে জারজি ওউসিয়াক তাকে ২০১৪ সালের উডস্টক উত্সবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বিশ্বখ্যাত অভিনেত্রী ও সমাজ কর্মী শ্যারোন স্টোন, যিনি এই সম্মেলনে আগামী বুধবার প্রফেসর ইউনূসের কাছ থেকে শান্তি পুরস্কার গ্রহণ করবেন, তাকেও ২০১৪ সালের এই মিউজিক উত্সবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।