দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ভারতের রাজ্যসভার সদস্য মাসুদ রশীদ তার এমপি পদ হারানোর পর এবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান ও ভারতের সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব লোকসভার এমপি পদ হারালেন। পশু খাদ্য দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের রুলিং অনুযায়ী তিনি লোকসভার সদস্য পদ খোয়ালেন। তার সাথে একই পরিণতি বরণ করতে হয়েছে জনতা দলের এমপি জগদীশ শর্মাকেও। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লোকসভা থেকে তাদের অযোগ্য ঘোষণা করা হয়।
এর একদিন আগে মেডিক্যাল কলেজে আসন দুর্নীতি মামলায় সাজা পাওয়া কংগ্রেস নেতা মাসুদ রশিদ রাজ্যসভার পদ হারান। পশু খাদ্য দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সিবিআই আদালত সম্প্রতি লালু প্রসাদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। পরে তিনি কৌঁসুলির মাধ্যমে রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং জামিন আবেদন জানান। যাদব ও শর্মা ছাড়াও সিবিআই আদালত ১৯৯০ দশকে আরজেডি ক্ষমতা থাকার সময় চাইবাসা কোষাগার থেকে অবৈধভাবে ৩৭ দশমিক ৭ কোটি রুপি তসরুপের জন্য বিহারে অপর সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র এবং অপর ৪২ জনকে দোষী সাব্যস্ত করে। লালু প্রসাদ যাদব বর্তমানে রাঁচিতে বিরসা মুন্ডা কারাগারে আটক রয়েছেন। অপরদিকে, কংগ্রেসের মাসুদ রশীদ ৪ বছরের সাজা খাটছেন তিহার কারাগারে।
