শুল্ক কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজি সোনার বার আটক করেছে। এর মূল্য ১২ কোটি টাকার অধিক। গতকাল মঙ্গলবার সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটের সকল যাত্রী উড়োজাহাজ থেকে নেমে চলে যাবার পর ওই ফ্লাইটের এক কেবিন ক্রু বিমানবন্দরের শুল্ক গোয়েন্দাদের জানান, উড়োজাহাজের টয়লেটে কে বা কারা একটি ব্যাগ রেখে এসেছে। এই খবর পেয়ে কর্তব্যরত শুল্ক গোয়েন্দা সদস্যরা বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের সহায়তায় টয়লেটে রাখা ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে তার মধ্যে ৩২ কেজি ৯৪০ গ্রাম ওজনের ২৮০টি সোনার বার পাওয়া যায়।
