সচিব মর্যাদায় উন্নীত হলো আরো পাঁচটি পদ

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৬
সরকারের বিভিন্ন দপ্তর-অধিদপ্তর প্রধানের আরও পাঁচটি পদ বেতন স্কেলের গ্রেড-১ তথা সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। এছাড়া আরো ১১টি পদকে অতিরিক্ত সচিবের পদমর্যাদায় গ্রেড-২ এ উন্নীত করা হয়েছে। এ নিয়ে সচিব পদমর্যাদার ৩০টি এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার ২০টি পদ সৃষ্টি করা হল। গত ১২ সেপ্টেম্বর প্রথম দফায় ২৫টি সচিবের এবং ৯টি অতিরিক্ত সচিবের সমমর্যদার পদের অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সর্বশেষ গত ১৩ অক্টোবর দ্বিতীয় দফায় ৫টি পদ গ্রেড-১ ও ১১টি পদ গ্রেড-২ এ উন্নীত করার অনুমোদন দেয়া হয়। সর্বশেষ যে পদগুলোকে সচিবের পদমর্যাদায় উন্নীত করা হয়েছে সেগুলো হলো: আয়কর এবং শুল্ক ও আবগারি ক্যাডার থেকে একটি করে মোট ২টি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদ, বিসিকের চেয়ারম্যান, কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক। গ্রেড-২ এ উন্নীতকৃত পদগুলো হচ্ছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক, আইজি (প্রিজন), মুদ্রণ, লেখা সামগ্রি, ফরম ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার, পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার, বিটাকের মহাপরিচালক, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, মত্স্য উন্নয়ন করপোরেশনের মহাপরিচালক, বন শিল্প করপোরেশনের চেয়ারম্যান এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিপ্তরের মহাপরিচালক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার জানান, যেসব পদের মানোন্নয়ন করা হয়েছে সেসব পদে এখন যারা নিয়োজিত আছেন তাদের সকলেই সেখানে বহাল থাকতে পারবেন না। কারণ যে পদগুলো গ্রেড-১ করা হয়েছে সেখানে হয়তো চতুর্থ গ্রেডের কর্মকর্তা নিয়োজিত আছেন। প্রশাসন ক্যাডারের বাইরে যে সকল অন্য ক্যাডারের কর্মকর্তা মানোন্নীত পদে নিয়োজিত আছেন তাদেরকে বহাল রাখতে হলে সংশ্লিষ্ট ক্যাডারের সার্ভিস রুল পরিবর্তন করতে হবে বলে তিনি বলেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য যেমন শিক্ষা, কৃষি, মত্স্য, খাদ্য ইত্যাদি ক্যাডার কর্মকর্তাদের জন্য পদের মান উন্নয়ন করা হলেও এখন এরকম ক্যাডার কর্মকর্তারা এ সুযোগ নাও পেতে পারেন। সে ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেয়া হতে পারে। প্রথম দফায় যে ২৫ টি পদ গ্রেড-২ থেকে গ্রেড ১ অর্থাত্ অতিরিক্ত সচিব থেকে সচিবের পদমর্যাদায় উন্নীত করা হয়েছে সেগুলো হলো: আনসার ও ভিডিপির মহাপরিচালক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, খাদ্য অধিপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান বনকর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক, হিসাব মহানিয়ন্ত্রক, ভূমি জরিপ অধিপ্তরের মহাপরিচালক, ডিফেন্স ফাইন্যান্সের ডিজি, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির ডিজি, রাজউকের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। এছাড়া সে সময় যে ৯টি পদ গ্রেড-২ এ উন্নীত করা হয় সেগুলো হলো: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি, সমাজ সেবা অধিদপ্তরের ডিজি, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিজি, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর ডিজি, গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি এবং পরিবার কল্যাণ অধিদপ্তরের ডিজি। প্রসঙ্গত, জনপ্রশাসনে এখন ৭৩টি সচিবের পদ রয়েছে। সেখানে সচিব ও ভারপ্রাপ্ত সচিব কর্মরত আছেন ৭০ জন। ১১০টি অতিরিক্ত সচিব পদের বিপরীতে ২৪০ জন কাজ করছেন। অনেকে যুগ্ম সচিবের পদেও কাজ করছেন। ৩৪১টি যুগ্ম সচিব পদের বিপরীতে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জন। এছাড়া ৮২৮টি উপসচিবের পদের বিপরীতে উপ-সচিব আছেন এক হাজার ৩৮৬ জন। অন্যদিকে এক হাজার ৪৪৮ জন সিনিয়র সহকারি সচিব কাজ করছেন ২ হাজার ৩৪০টি পদের বিপরীতে। এখানে কিছু পদ শূন্য আছে, কিছু পদে উপ-সচিবরাও কাজ করছেন। এছাড়া ১ হাজার ৮৭০টি সহকারি সচিবের অনুমোদিত পদ রয়েছে, যেখানে কর্মরত আছেন ৯৪০ জন কর্মকর্তা।