ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির পদক প্রদান করবে

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৮
সাংবাদিক শফিকুল কবিরের মতো কোন সাংবাদিক যেন অপসাংবাদিকতার শিকার না হন। এজন্য সাংবাদিকদের অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক বিশেষ প্রতিনিধি সদ্যপ্রয়াত শফিকুল কবিরের স্মরণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এই আহ্বান জানান। স্মরণ সভায় প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির পদক চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী। ডিআরইউ’র সাবেক সভাপতি এম আনোয়ারুল হক, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জামালউদ্দিন, সাজ্জাদ আলম খান তপু, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ, শ্যামল দত্ত, জগলুল আহমেদ চৌধুরী, রাজু আহমেদ, মাহমুদুর রহমান খোকন, ফজলুল বারী, আব্দুল আওয়াল ঠাকুর, শেখ মামুনুর রশিদ, আতাউর রহমান, শামীম সিদ্দিকী, আইয়ুব আনসারী ও আয়তুল্লাহ আখতার মরহুমের স্মতিচারণ করে বক্তৃতা করেন। শুক্রবার বাদ জুমা জুরাইনের আলম মার্কেটের পিছনে ‘সোনারতরী’ বাসভবনে শফিকুল কবিরের কুলখানি অনুষ্ঠিত হবে।