আজ বুধবার থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুরধামে ঐতিহ্যবাহী গৌরঙ্গবাড়ীতে অহিংসার মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরভাব তিথি মহোত্সব শুরু হচ্ছে। ৩ দিনব্যাপী মহোত্সবে প্রথম দিন আজ বুধবার সন্ধ্যায় শুভ অভিবাস, বৃহস্পতিবার অরুনোদয় হতে অষ্ট প্রহরব্যাপী তারক ব্রহ্মনাম সংকীর্ত্তন এবং শুক্রবার সকালে দধিমঙ্গল, দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে মহোত্সব শেষ হবে। মহোত্সব উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম তুহিনুর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালিদ হোসেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোকাদ্দেম আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার, গৌরঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সাধারণ সম্পাদক শ্যামাপদ সান্যাল, ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র পাল প্রমুখ। এদিকে তিরভাব তিথি মহোত্সব ঘিরে প্রেমতলী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
