খালেদা জিয়ার প্রস্তাব

আলোচনার জন্য আওয়ামী লীগকে বিএনপির চিঠি

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫২
নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়ে খালেদা জিয়া যে পাল্টা প্রস্তাব দিয়েছেন তা নিয়ে সংলাপে বসার জন্য আওয়ামী লীগকে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল সোমবার বেলা ১১টা ২৭ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই চিঠি রাজধানীর মিন্টো রোডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। একই সময়ে গুলশানে সাংবাদিক সম্মেলন করে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছিলেন মির্জা ফখরুল। বেলা সাড়ে ১১টায় সাংবাদিক সম্মেলনের মাঝেই মির্জা ফখরুলকে ফোন করে তার দেয়া চিঠি পাওয়ার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মোবাইল ফোনে সালাম বিনিময়ের পর মির্জা ফখরুলও তাকে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা এগিয়ে এসেছি, আশা করছি আপনারা গুরুত্ব দিয়ে আলোচনা শুরু করবেন। বেলা ১১টা ৪০ মিনিটে সৈয়দ আশরাফুল ইসলামের বাসা থেকে বেরিয়ে বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের যে প্রস্তাব দিয়েছেন তার আলোকেই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি পাঠিয়েছেন। তাতে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এ সময় তিনি চিঠির বিষয়বস্তু পড়ে শোনান। তিনি বলেন, সৈয়দ আশরাফ ওই চিঠি গ্রহণ করেছেন। তার (সৈয়দ আশরাফ) স্বাক্ষরিত গ্রহণ করা চিঠির একটি কপিও তারা নিয়ে এসেছেন। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দিনাজপুর যাচ্ছেন। চিঠির বিষয়ে প্রধানমন্ত্রীকে সেখানে অবহিত করবেন বলে জানিয়েছেন সৈয়দ আশরাফ। দশম সংসদ নির্বাচন সামনে রেখে জনমনে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যেই গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সরকারে সদস্য হওয়ার জন্য বিরোধী দলের সংসদ সদস্যদের কাছ থেকে নাম পাঠানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ভাষণের তিন দিন পর সোমবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে ওই প্রস্তাব নাকচ করেন একজন ‘সম্মানিত নাগরিকের’ নেতৃত্বে ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ১০ উপদেষ্টাকে নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের পাল্টা প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।