যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া হোম ওয়ার্ক না করে বিকল্প প্রস্তাব দিয়েছেন। হোম ওয়ার্ক করে প্রস্তাব দিলে হয়তো একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আসতো। গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও কয়েকটি ব্রিজ-কালভার্ড উদ্বোধনের সময় তিনি একথা বলেন। তিনি বলেন, আমার জানা মতে ১৯৯৬ ও ২০০১ সালের ২০ জন উপদেষ্টার মধ্যে চারজন মারা গেছেন, চারজন অসুস্থ, ছয়জন দায়িত্ব নিতে সম্মত নন। তাই তার এই প্রস্তব অবাস্তব। তিনি আরো বলেন, দেশের আকাশে যে কালো মেঘ জমেছে তা আলোচনার মাধ্যমে সরে যাবে। প্রধানমন্ত্রীর প্রস্তাবকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দেশের বিশিষ্টজনরা ইতিবাচক বলে মন্তব্য করেছেন। বিরোধী দল এ প্রস্তাবকে ইতিবাচকভাবে মেনে নিয়ে আলোচনায় বসতে পারতো। তা না করে তারা অবাস্তব প্রস্তাব দিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার লেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ, নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন প্রমুখ।
