আলোচনার সুযোগ নেই

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৩
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বিরোধী দলীয় নেতা খলেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। কারণ এ প্রস্তাব সংবিধান বহির্ভূত। প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব মেনে আলোচনায় বসার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সবর্দলীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধাংদেহী ভাব দেখিয়েছেন খালেদা জিয়া। তার আলোচনার সদিচ্ছা নেই বলেই আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী অসাংবিধানিক প্রস্তাব দিয়েছেন। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনরকম আলোচনা হবে না। সংবিধানে যে নির্দেশনা দেয়া আছে সেই অনুযায়ী আলোচনা হবে। তিনি বলেন, বিএনপি যদি হানাহানির পথ বেছে নেয় তাহলে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করব। এক্ষেত্রে কোন রকম ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আগামী ২৪ অক্টোবর জরুরি বর্ধিত সভার কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ আছে। এ সময়ের মধ্যে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন প্রমুখ।