সিরাজগঞ্জে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে জেলা বিএনপি’র ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড়ে ৩টি সিএনজি অটোরিকশা ও বেলকুচি উপজেলার কেজির মোড় এলাকায় ২টি অটোরিকশা ভাংচুর করেছে পিকেটাররা।
এছাড়া হরতালের শুরুতেই মঙ্গলবার সকাল ৭টায় দিকে শহরের এস বি ফজরুল হক রোডের টুকু ব্রিজ এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপি কর্মীরা। একই সময় ঐ স্থানে পুলিশের গাড়ি লক্ষ্য করে আরেকটি ককটেলের বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ। এর কিছুক্ষণ পরে শহরের খেদন সর্দারের মোড় এলাকায় আরো একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় বিএনপি কর্মীরা। হরতাল চলাকালে কেন্দ্রীয় এম এ মতিন বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দূরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি।
এনায়েতপুরে ট্রাক
অটোরিকশা ভাংচুর
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, মঙ্গলবার ভোরে জেলা বিএনপির ডাকা আধাবেলা হরতাল চলাকালে এনায়েতপুর কেজির মোড় এলাকায় বিএনপির পিকেটাররা ২টি অটোরিকশা এবং এনায়েতপুর কাপড়ের হাটে অবস্থিত হোলসিম কোম্পানীর একটি সিমেন্টের ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।
ভোরে এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মন্টু সরকারের উদ্যোগে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
শাহজাদপুরে বন্ধ ছিল দোকান, যান চলাচল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সিরাজগঞ্জ জেলা বিএনপির ডাকা হরতাল শাহজাদপুরে পালিত হয়েছে। সকাল-দুপুর এ হরতাল চলাকালে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ছিল।
