কেন্দুয়ায় ঝড়ে বসতঘরের ওপর তালগাছ ভেঙে পড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৪৩

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

কেন্দুয়া উপজেলায় ঝড়ে বসতঘরের ওপর তালগাছ ভেঙে পড়ে হারেছ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার  সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। এর আগে রবিবার ভোরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের ওপর তালগাছ ভেঙে পড়ে মারাত্মক আহত হন তিনি। নিহত কৃষক হারেছ মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত অফিজ মিয়ার ছেলে।

এ সময় ঘুমন্ত হারেছ মিয়া ঘরের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। পরে আহত হারেছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে রবিবার সকালে হাসপাতালেই তিনি মারা যান।