কে ‘আসল’ ইশ সোধি!

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩২
দেশে থাকলে এখন হয়তো রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিনদের সঙ্গে জায়গা নিয়ে লড়তে হত। সে লড়াইয়ে জিততে পারলে গতকালই হয়তো রাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাত ঘোরাতেন ভারতের হয়ে। হাত ঠিক ঘোরাচ্ছেন; তবে ইশ সোধি এখন লড়ছেন নিউজিল্যান্ডের হয়ে। এই পরিচয় নিয়ে যেমন, টেস্ট ক্যারিয়ারে প্রথম সাফল্যের ক্ষেত্রেও তেমন একটা বৈপরীত্য রয়েই গেল। টেস্ট দলে ডাক পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার হিসাবে। কিন্তু সেই ক্রিকেটে প্রথম সাফল্যটা পেলেন কাল ব্যাট হাতে বাংলাদেশের বিপক্ষে দলকে টেনে তোলা এক ফিফটি করে! হ্যা, কাল বাংলাদেশের বোলিংকে হতাশ করে দেয়া ব্যাট চালানো ইশ সোধি আসলে যেমন ব্যাটসম্যান নন, তেমনই নিউজিল্যান্ডের হয়ে খেললেও আসলে তিনি নিউজিল্যান্ডের নন! ফলে আপনি প্রশ্ন করতেই পারেন, কে আসল ইস সোধি? ভারতীয়, নাকি কিউই? ব্যাটসম্যান নাকি বোলার! নামটা শুনলেই উপমহাদেশের সঙ্গে একটা সম্পর্ক আছে, অনুমান করা যায়। হ্যা, ইশ সোধির শরীরেও আছে ভারতীয় রক্ত। তবে সেটা দীপক প্যাটেল, জিতান প্যাটেলের মতো দূরতম সম্পর্কের নয়। পাঞ্জাবের লুধিয়ানা প্রদেশে জন্ম নেয়া ইশ সোধি হলেন সরাসরি ভারতে জন্ম নেয়া প্রথম ক্রিকেটার যিনি নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলছেন। ভারতীয় এই ছেলেটিকে ধাপে ধাপে জাতীয় দলে এনে যে তারা ভুল করেনি, সেটা বল হাতে এখনও প্রমাণ করতে পারেননি সোধি। বাংলাদেশের বিপক্ষেই এই গত চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে তার। অভিষেকে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর এই ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রানে ৩ উইকেট। খুব খারাপ পারফরম্যান্স হয়তো নয়; কিন্তু ড্যানিয়েল ভেট্টোরি কথিত ‘তার দেখা সেরা’ বোলারের মতো পারফরম্যান্সও নয়। ফলে সোধির নিজেকে প্রমাণ করার একটা তাড়া হয়তো ছিল। সেই তাড়া থেকেই কিনা, কাল বাংলাদেশকে হতাশায় ডোবানো ইনিংসটা খেলে ফেললেন। ১০ নম্বরে যখন ব্যাট করতে নেমেছেন, তখনও নিউজিল্যান্ডের লিড এমন বেশি কিছু নয়। বাংলাদেশ তখন লিডটা ৫০-এর নিচে থামিয়ে ম্যাচে লড়াইয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু সোধির ৬৭ বলে ৭টি চারে সাজানো ৫৯ রানের অপরাজিত ইনিংসে আসলে বাংলাদেশের হাত থেকে অনেকটাই বেরিয়ে যাচ্ছে এখন ম্যাচ। এই ইনিংস দেখেই খোঁজ পড়ল, কে এই সোধি? ইশ সোধির চার বছর বয়সে তার ডাক্তার বাবা পাঞ্জাব ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি জমান ১৯৯৬ সালে। এখন তিনি একটা হাসপাতালেরই মালিক। আর সোধি সেখানেই শুরু করলেন ক্রিকেট খেলা। অনূর্ধ্ব-১৯ দলে বল হাতে এমন সব কীর্তি করলেন যে, নিউজিল্যান্ডের কর্তৃপক্ষের নজর কেড়ে ফেললেন। সেই পর্যায়েই তার বোলিং দেখে ভেট্টোরি বলেছিলেন, ‘আমার দেখা এ যাবত্কালের সেরা সম্ভাবনাময় বোলার ইশ সোধি।’ বোলিংয়ের পাশাপাশি কার্যকর ব্যাটিং করে যুব দলকে অনেকবার ম্যাচ জিতিয়েছেন। এবারও ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। সেইসঙ্গে ভেট্টোরির দেখা ঠিক যদি হয়, বড় বোলারও হয়তো হবেন। তাহলে নিউজিল্যান্ড কী আরেকজন ভেট্টোরি পেতে যাচ্ছে? নাকি দীপক প্যাটেল? সোধি নিশ্চয়ই তার আদর্শ দীপক প্যাটেলকে ছাড়িয়েই যেতে চাইবেন।