খাগড়াছড়ির দীঘিনালায় চারজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিজ নিজ ঘর থেকে দলে নিয়ে যায়। অপহূতরা হলেন, উপজেলার ১নং যৌথ খামার প্রকল্প গ্রামের যতীন বিকাশ চাকমা, বাজেইছড়া গ্রামের সরল কুমার চাকমা, মিন্টু চাকমা এবং রীপন চাকমা। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরস্পরকে দোষারোপ করছে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে চলমান বিবদমান দলগুলোর সংঘাতের অংশ হিসাবে এ ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা।
অপহরণ ঘটনার জন্য জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছেন ইউপিডিএফ উপজেলা শাখার সমন্বয়ক কিশোর চাকমা। তবে জেএসএস কেন্দ্রীয় কমিটিরসহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, ‘তারা আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।’
