ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্য ইমরানকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে কুখ্যাত ডাকাত ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার লিলারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান, দিনাজপুর-২ বিজিবির সদস্য ইমরান বোনের বাড়ি ঠাকুরগাঁওয়ের সালন্দরে বেড়াতে আসে। তখন তাকে ডলারের প্রলোভন দেখিয়ে চন্ডিপুর গ্রামে নিয়ে যায় ইব্রাহীম। এরপর সে ওই বিজিবি সদস্যকে আটক করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
গোপন সংবাদে ঠাকুরগাঁও থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে বিজিবি সদস্য ইমরানকে উদ্ধার এবং ইব্রাহীম ডাকাতকে গ্রেফতার করে। ওই ডাকাতের বিরুদ্ধে ঠাকুরগাঁও ও পঞ্চগড় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ খান।
