বর্তমানে কলেজগুলোতে এইচএসসি শিক্ষা কার্যক্রমে জেনারেল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জেনারেল ও ব্যবসায় ব্যস্থাপনা (বিএম) শাখা চালু আছে। জেনারেল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ‘প্রদর্শক’ পদটি চালু রয়েছে। জেনারেল বোর্ডে প্রদর্শক পদের বেতন স্কেল ৮০০০ টাকা। বেতন স্কেল কোড ১০। কিন্তু কারিগরি বোর্ডের অধীন ১৯৯৫-এর অধ্যাদেশ অনুযায়ী প্রদর্শক কাম ল্যাব এসিস্ট্যান্ট পদটি প্রচলিত আছে যার বর্তমান বেতন স্কেল ৫২০০ টাকা এবং বেতন স্কেল কোড ১৪। তখন সরাসরি প্রদর্শক পদটি চালু ছিল না। কিন্তু ২০১০ অধ্যাদেশ অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ড সরাসরি প্রদর্শক (কম্পিউটার) পদটি চালু করে। যার বেতন স্কেল ৮০০০ টাকা এবং বেতন স্কেল কোড ১০। প্রদর্শক কাম ল্যাব এসিস্ট্যান্ট পদ থেকে প্রদর্শক পদে উন্নীত হওয়ার জন্য শর্ত আরোপ করা হয়েছে স্নাতকসহ এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান অথবা বাণিজ্য থাকতে হবে। কিন্তু যারা মানবিক বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিসহ মাস্টার্স করেছে অর্থনীতিসহ অন্যান্য ভালো বিষয়ে—তাদের জন্য কি আরোপিত শর্ত শিথিলযোগ্য নয়?
আমরা যারা অর্থনীতি বা এমনি কোনো বিষয়ে মাস্টার্স করে ৬মাস/১ বছরের কম্পিউটার ডিপ্লোমা করে ২০০৩-২০০৪ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রদর্শক কাম ল্যাব এসিস্ট্যান্ট (কম্পিউটার) পদে নিয়োগ পাই যা পরবর্তী সময়ে প্রদর্শক পদে উন্নীত হওয়ার আশায় কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছি ৮ বছর ধরে—তারা আজ প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত।
কারিগরি শিক্ষা বোর্ডে এমপিও শিট থেকে শুরু করে প্রতিটি জায়গায় নামের আগে ‘Demo’ শব্দটি লেখা হয় অথচ বেতন স্কেল ৫২০০ টাকা মাত্র। বর্তমানে আমরা এই পদে ৮ বছর পূর্ণ করেছি। আমাদের দেওয়া হবে টাইম স্কেল। এখানে সবচেয়ে বড় প্রহসন হচ্ছে টাইম স্কেলে আমাদের বেতন স্কেল ৫২০০ টাকা থেকে পরিবর্তন হয়ে ৫৫০০ টাকা হবে। বেতন স্কেল কোড ১৪ থেকে নেমে ১৩ হবে। দীর্ঘ আট বছর পর এই পদোন্নতি কি দুঃখজনক নয়? অথচ সরাসরি প্রদর্শক পদে টাইম স্কেলে বেতন হবে ১১০০০ টাকা।
পরিশেষে, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে বিনীত অনুরোধ এই যে, আমরা যারা টাইম স্কেলের জন্য আবেদন করেছি তাদের যোগ্যতা অনুযায়ী ‘টাইম স্কেল দরখাস্ত’ পুনঃবিবেচনা করে প্রদর্শক (কম্পিউটার) পদের বর্তমান বেতন স্কেল ৮০০০ টাকায় পরিবর্তন করে পরবর্তী এমপিওতে সংযুক্ত করুন।
মো. মোহাইমিনুল ইসলাম
প্রমিন্যান্ট হাউজিং,
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
