১৫ আগস্ট জন্মদিন পালন বন্ধ করুন :প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২২:৩৮
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ‘মিথ্যা জন্মদিন’ পালন বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, আপনার স্কুলের রেজিস্ট্রেশনে দেয়া সত্যিকার জন্ম তারিখেই জন্মদিন পালন করুন। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বাষ্পরুদ্ধ কণ্ঠে আরো বলেন, উনি (খালেদা) সেদিন (১৫ আগস্ট) যখন কেকে ছুরি চালান, তখন মনে হয় আমার বুকে ছুরি চালাচ্ছেন। আমার প্রিয় রাসেলের মুখটা তখন আমার সামনে ভেসে ওঠে। মনে হয়, রাসেলের হত্যার দিনে উনি কীভাবে কেক কেটে ও হাততালি দিয়ে জন্মদিন পালন করেন! মিথ্যা উত্সব করেন! ১৯৭৫ সালের ওই দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খুন হন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল। তিনি বঙ্গবন্ধুর ছোট ছেলে। শেখ হাসিনা দেশের বাইরে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান। শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানে হারানো ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্ম। যখন সে জন্ম নেয় তখন তাকে কোলে তুলে নিয়েছিলাম। কি সুন্দর ফুটফুটে একটি শিশু, মাথা ভর্তি ছিল চুল। আমাদের পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট শেখ রাসেল অত্যন্ত মেধাবী। প্রধানমন্ত্রী বলেন, পারিবারিকভাবে আমরা দুই বোন যে সম্পদ পেয়েছিলাম, তা দিয়ে একটি ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্ট থেকে অসহায় শিশু-কিশোরদের সাহায্য করা হয়। বর্তমানে ১৭শ’ শিশু ছেলে-মেয়েকে বৃত্তি দিয়ে সহযোগিতা করছে ট্রাস্ট। প্রধানমন্ত্রী শিশুদের ক্ষেত্রে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, এখন দেশের শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। বছরের শুরুতেই তারা বই পাচ্ছে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত্, আমার মতো প্রধানমন্ত্রী হবে। সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি কে এম শহিদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান হাওলাদার, শিশু-কিশোরদের পক্ষে খাদিজা আক্তার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দাবা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সীমিত জমিতে অধিক খাদ্য উত্পাদনের আহ্বান বাসস \ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার দেশের জনগণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অল্প জমি থেকে অধিক পরিমাণ খাদ্যশস্য উত্পাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দেশের কৃষি জমির পরিমাণ ক্রমেই হ্রাস পাচ্ছে। তিনি বলেন, অন্যদিকে বিশ্বব্যাপী কৃষিপণ্যের চাহিদা বাড়ছে। সুতরাং এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অল্প জমি থেকে অধিক পরিমাণ খাদ্য উত্পাদন করতে হবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন। একই অনুষ্ঠান থেকে তিনি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কৃষকরত্ন শেখ হাসিনা হল ও নবাব সিরাজউদৌলা হল উদ্বোধন করেন। কেআইবি’র সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রমুখ।